মোঃআতেফ ভূঁইয়া,গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী বাজার BRT ফ্লাইওভারের ওপর চলন্ত একটি বাসে এক নারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় জনতার ধাওয়ায় এক ছিনতাইকারী আটক হয়েছে। পরে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত বাসে থাকা এক নারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি। বিষয়টি বুঝতে পেরে বাসের যাত্রী ও আশপাশের লোকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, টঙ্গী বাজার, স্টেশন রোড এবং BRT ফ্লাইওভার এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় যাত্রীদের লক্ষ্য করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় থাকে বলে অভিযোগ করেন তারা।
এ অবস্থায় এলাকাবাসী ও যাত্রীরা নিয়মিত পুলিশ টহল জোরদার, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।