মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকায় সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় আনুমানিক ছয় মাস বয়সী এক শিশুর ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে পশ্চিম দেওভোগ এলাকার মাদরাসাতুল মদিনার গেইটের সামনে দেওভোগ-সরদারপাড়া সড়কের পাশে একটি পলিথিন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে তারা পলিথিনের ভেতরে শিশুর ভ্রূণ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়।
স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কোনো ব্যক্তি রিকশাযোগে এসে ভ্রূণটি সেখানে ফেলে রেখে যায়। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণটি উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় দাফনের ব্যবস্থা করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভ্রূণটি উদ্ধারের পর স্থানীয়দের সহায়তায় দাফনের প্রক্রিয়া চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”