রাজধানীর লালমাটিয়া থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ডরিনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে কী অভিযোগে বা কোন মামলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি সংশ্লিষ্ট সূত্র।
আনোয়ারুল আজীম আনারের নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনার পর আলোচনায় আসেন তাঁর মেয়ে ডরিন। ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন তৎকালীন সংসদ সদস্য আনার। পরে কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে তাঁকে হত্যার অভিযোগ সামনে আসে।
এ ঘটনায় বাংলাদেশ ও ভারতে পৃথকভাবে তদন্ত শুরু হয়। বাবার নিখোঁজ হওয়ার পর বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন ডরিন। হত্যাকাণ্ডের বিচার দাবিতেও তিনি সোচ্চার ছিলেন।
ডিবি সূত্রের তথ্য অনুযায়ী, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বসবাস করতেন।
তবে তাঁকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ, মামলার বিবরণ কিংবা গ্রেপ্তারের পর তাঁকে কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।