নাটোরের উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগীন্দ্রনগর গ্রামে একই পরিবারের দুই ভাইয়ের বাড়িতে গভীর রাতে লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরে থাকা রসুন, পেঁয়াজ, নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার।
বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই ভাই হলেন মৃত আমিনের ছেলে কামাল হোসেন (৩৮) ও সবুজ হোসেন (৪০)।
পরিবারের সদস্যদের ভাষ্য, সম্প্রতি এলাকার একটি মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি হওয়ায় কামাল ও সবুজ বাড়ির বাইরে অবস্থান করছেন। এ সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে তাদের বাড়িতে ঢুকে লুটপাট চালায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন না।
পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মাঠ থেকে তোলা প্রায় ৬ বিঘা জমির রসুন ও আড়াই বিঘা জমির পেঁয়াজ ঘরে মজুত করা হয়েছিল। এ ছাড়া ফ্রিজ, স্টিলের বাক্স, কৃষিকাজের বিভিন্ন যন্ত্রপাতি, নগদ টাকা ও কিছু স্বর্ণালংকার ছিল ঘরে। দুর্বৃত্তরা এসব মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
দুই ভাইয়ের মা কাঞ্চন বেওয়া বলেন, “আমার ছেলেদের সবকিছু নিয়ে গেছে। ছোট ছোট নাতি-নাতনি আছে, এখন তারা কীভাবে চলবে?” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে পরিবার জানিয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সাম্প্রতিক সময়ে গুরুদাসপুর এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের ঘটনা বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, “ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”