সাইফুল ইসলাম, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ট্রলার থেকে ৬ হাজার ২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (সকাল সাড়ে ৯টার দিকে) কলাপাড়া পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে ভিড়ানো একটি ট্রলারে অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করে কলাপাড়া থানা পুলিশ।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে জ্বালানি তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়।
তিনি আরও জানান, তেল মজুদদার ও অবৈধ জ্বালানি ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।