মাহিনুর ইসলাম , বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় ইত্তেহাদুল কুবরা বাংলাদেশ বোর্ডের অধীনে মোহাম্মাদী ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কর্মসূচি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা হুসাইন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রের প্রধান কারী ও আরবি প্রভাষক মাওলানা আব্দুল হালিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন, “যারা কুরআন শিক্ষা অর্জন করছে, তারা আল্লাহর বিশেষ নেয়ামতপ্রাপ্ত। এই শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে।” তিনি শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদরাসার আরবি প্রভাষক মাওলানা শামসুল ইসলাম ও ক্বারীয়া আলেমা রাহেলা বেগম।
এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ শরফ উদ্দিন, ক্বারী মিজানুর রহমান মাজেদ, ক্বারী মো. ইমরান হোসাইন, ক্বারীয়া নাঈমা আক্তার হান্না ও ক্বারীয়া তামান্না আক্তার প্রমুখ।
মাসব্যাপী এ প্রশিক্ষণে আতফাল (আলিফ) স্তর থেকে শুরু করে মহিলা ও প্রাইভেট সনদ কোর্স পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় এবং অনুষ্ঠানের শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।