মোঃআতেফ ভূঁইয়া, গাজীপুর সদর
গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনজুরুল মোড়ল (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে পূবাইল থানার এসআই মোঃ আল আমিনের নেতৃত্বে এএসআই শামচুর রহমানসহ সঙ্গীয় ফোর্স রাত্রীকালীন মোবাইল ও স্পেশাল ডিউটি চলাকালে চেকপোস্ট পরিচালনা করেন।
এসময় পূবাইল থানাধীন বিন্দান এলাকার বড়বাড়ী কমিউনিটি ক্লিনিকের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে বিন্দান (বড়বাড়ী) এলাকার বাসিন্দা মনজুরুল মোড়লকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মনজুরুল মোড়ল ওই এলাকার মৃত সিদ্দিক মোড়লের ছেলে। এ ঘটনায় ধৃত আসামী ও তার সঙ্গে জড়িত অপর এক পলাতক আসামীর বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।