মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের ডেমর পাড়া এলাকার একটি বিলের ধানক্ষেত থেকে মানুষের হাঁটু থেকে নিচের বিচ্ছিন্ন অংশ (কাটা পা) উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে এই খণ্ডিত দেহাংশটি দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, ডেমর পাড়া এলাকার একটি নির্জন ধানক্ষেতে মানুষের পা পড়ে থাকতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বিচ্ছিন্ন পা উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে দেহাংশটি বিচ্ছিন্ন করে এখানে ফেলে রাখা হতে পারে। আবার কোনো বন্যপ্রাণী বা কুকুর-শিয়াল অন্য স্থান থেকে টেনে এনে ফেলেও থাকতে পারে। তবে উদ্ধার হওয়া দেহাংশটি কোনো পুরুষ নাকি নারীর—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, উদ্ধার করা দেহাংশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের তালিকার সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের এলাকার তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
এদিকে ধানক্ষেতে মানুষের দেহের অংশ পাওয়ার ঘটনায় ডেমর পাড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।