আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্ধারিত সময় শেষে লাইনে অপেক্ষমাণ ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ থাকবে।
মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কমিশন সন্তুষ্ট। তবে বিচ্ছিন্ন ঘটনা এড়াতে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত থাকায় ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট হবে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থী ৮১ জন। দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি।
সারা দেশে ৪২,৯৫৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রায় ৫০ শতাংশ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তায় মোতায়েন থাকবেন প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সঙ্গে থাকবেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা। প্রথমবারের মতো ব্যাপকভাবে ড্রোন, বডি-ক্যাম ও সিসিটিভি ব্যবহৃত হবে। কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করতে হবে।