আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটির টপসয়েল কাটার বিরুদ্ধে দুই ইউনিয়নে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রাতের আঁধারে ভেকু মেশিন ব্যবহার করে মাটি কাটার দায়ে দুই ভেকু মালিককে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ফসলি জমি থেকে অবৈধভাবে টপসয়েল কাটার অপরাধে ডমুরুয়া ইউনিয়নের মজিরখিল এলাকার মো. মোস্তফাকে ৫০ হাজার টাকা এবং বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি কলেজসংলগ্ন এলাকার গোলাম রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে ইউএনও মুহসিয়া তাবাসসুম গণমাধ্যমকে বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।