মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
ভোলা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাফ) বাংলাদেশের নাম ও স্বাক্ষর ব্যবহার করে জেলা প্রশাসক কার্যালয় থেকে শীতবস্ত্র (কম্বল) আত্মসাতের অভিযোগ উঠেছে আবু তাহেরের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, শীতকালীন সহায়তার অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের জন্য কম্বল বিতরণ কার্যক্রম চলছিল। এ সময় আবু তাহের নিজেকে ভোলা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাফ) বাংলাদেশ এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে কয়েক শতাধিক কম্বল সংগ্রহ করেন। পরে সেই কম্বল প্রকৃত শ্রমিকদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনী ও সহ-সভাপতি রবিউল আলম অভিযোগ করে সাংবাদিকদের জানান, আবু তাহের তাদের সংগঠনের পরিচয় ও স্বাক্ষর ব্যবহার করে জেলা প্রশাসক কার্যালয় থেকে কম্বলগুলো নিয়ে যান। তারা বলেন,তিনি একসময় হয়তো আমাদের সংগঠনের কোনো সদস্য ছিলেন। সেই পরিচয়কে কাজে লাগিয়ে আমাদের নাম ও সিগনেচার ব্যবহার করে এই সুবিধা লুটেছেন। এতে সংগঠনের বর্তমান নেতৃত্বের কোনো সম্পৃক্ততা নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, শীতবস্ত্রগুলো দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য বরাদ্দ ছিল। এই কম্বল আত্মসাৎ করা মানবিক সহায়তার সঙ্গে প্রতারণার শামিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান।
অন্যদিকে, এ বিষয়ে অভিযুক্ত আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি সাংবাদিকদের জানান, জেলা সভাপতির নির্দেশে সংগঠনের লোকজনের জন্যই তিনি জেলা প্রশাসক কার্যালয় থেকে কম্বল সংগ্রহ করেছিলেন এবং সেগুলো সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করে দিয়েছেন।
আমি কোনো কম্বল আত্মসাৎ করিনি। সব কম্বলই মানুষের মাঝে বণ্টন করে দিয়েছি। এ সময় তিনি আরও দাবি করেন, সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। তার ভাষায়, যাদের কমিটির বৈধ মেয়াদ নেই, তারা আমাকে কীভাবে বহিষ্কার করবে?
ঘটনাটি ঘিরে স্থানীয় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। শীতের এই সময়ে দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত কম্বল নিয়ে এমন অভিযোগে এলাকায় নানা আলোচনা চলছে।