ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ভাসমান দোকান থেকে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লিখিত অভিযোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগপত্র জমা দিয়ে সংগঠনটি চাঁদাবাজির অভিযোগে জড়িত বলে দাবি করা বিতর্কিত ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
অভিযোগপত্রে বলা হয়, সেপ্টেম্বর মাসের বিতর্কিত ডাকসু নির্বাচনের পর থেকে কিছু ডাকসু প্রতিনিধি প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহযোগিতায় ক্যাম্পাসে চাঁদাবাজি ও দোকান উচ্ছেদের একটি সিন্ডিকেট গড়ে তুলেছে।
এসব ঘটনার সঙ্গে জড়িতরা রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া অভিযোগ ছড়িয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়।
এ সময় দুই দফা দাবি উত্থাপন করে ছাত্রদল। দাবিগুলোর মধ্যে রয়েছে—ক্যাম্পাসে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার বিষয়ে স্পষ্ট নীতিমালা প্রকাশ এবং অভিযোগ অনুযায়ী চাঁদাবাজি ও উচ্ছেদ সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, নির্বাচনকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে পুরোনো ঘটনা সামনে এনে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান।