ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ বেহেস্তের টিকিট দেওয়ার ক্ষমতা রাখে না।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিপুর থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এবিএম মোশাররফ হোসেন বলেন, “ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে—এ ধরনের কথা যারা বলে তারা মোনাফেক। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।” তিনি এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, যারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছে, তাদের প্রতিহত করতে হবে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলেও আশ্বাস দেন তিনি। বিশেষ করে পর্যটন, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে উল্লেখ করেন।
জনসভায় সভাপতিত্ব করেন মহিপুর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ জলিল হাওলাদার এবং সঞ্চালনা করেন মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। এছাড়াও মহিপুর থানা বিএনপি, কুয়াকাটা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কয়েক হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ জনসভায় অন্যান্য বক্তারাও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
ধানের শীষে বিজয় নিশ্চিত হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, পর্যটন শিল্প এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।