জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার নেপথ্যে থাকা পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই উপস্থিত ছিল—এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা।
বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জুমা লেখেন, হাদির হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ হয়তো জানাজার সামনের দুই–তিন কাতারেই দাঁড়িয়ে ছিল। তিনি লেখেন, “আমরা বুঝতে পারিনি, চিনতে পারিনি, কিছুই করতে পারিনি। সকল ষড়যন্ত্র উন্মোচিত করে দাও খোদা।”
একটি মন্তব্যে তিনি জানান, বৃহস্পতিবার আদালতে মামলার শুনানি রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দাখিল করা চার্জশিটে শুধু মাসুদ ও বাপ্পির নাম রয়েছে, যারা হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনায় সম্পৃক্ত। তবে হত্যার আগের পরিকল্পনা ও মূল মাস্টারমাইন্ডদের বিষয়ে কোনো তথ্য নেই।
জুমা প্রশ্ন তোলেন, “মাস্টারমাইন্ডদের বের করা কি সম্ভব নয়, নাকি ইচ্ছে করেই করা হচ্ছে না? এরা কারা, কী এমন শক্তি তাদের?”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেল আরোহী দুই সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় মামলা হলেও এখনো মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।