ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল ইরান সফরে যাচ্ছে। মঙ্গলবার (৩০ জুন) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে এবং ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সংসদ সদস্য মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এস এম খালিদুজ্জামান।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরের উদ্দেশ্য হলো ইরানের সরকার ও জনগণের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করা এবং আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা।
সফরকালে সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদল ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জামায়াতের ভাষ্য অনুযায়ী, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে তারা আশা করছে। একই সঙ্গে আমন্ত্রণ এবং সফরের প্রয়োজনীয় সহযোগিতার জন্য দলটি ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।