সজিব রেজা, দিনাজপুর:
দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদীতে ভেসে উঠেছে দুই যুবকের মরদেহ। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজের বানিয়া খাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের আনুমানিক বয়স একজনের ২৫ অপর জনের ৩০ বছর মনে করা হচ্ছে।
তাঁদের উভয়ের পরনে ছিল ফুল প্যান্ট ও কালো রঙের শার্ট এবং শার্টের ওপরে কালো রঙের জ্যাকেট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে দুই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি নদী থেকে উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।