ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ যদি সীমান্ত পেরিয়ে ভারতেও পালিয়ে গিয়ে থাকেন, তাহলেও তাদের ফিরিয়ে আনার একাধিক কার্যকর উপায় রয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। র্যাব ডিজি জানান, দুই প্রধান অভিযুক্ত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত র্যাব সর্বোচ্চ সক্ষমতা দিয়ে অভিযান অব্যাহত রাখবে।
তিনি বলেন, গত ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর ১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে র্যাব এই মামলার আটজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ এখনো পলাতক রয়েছে।
পলাতক দুই আসামি ভারতে আত্মগোপন করেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কে এম শহিদুর রহমান বলেন, র্যাব প্রযুক্তিগত ও ম্যানুয়াল উভয় সোর্স ব্যবহার করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছে। অবস্থান নিশ্চিত হলে গ্রেপ্তার প্রক্রিয়া সহজ হবে।
তিনি আরও বলেন, কোনো আসামি দেশের বাইরে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার জন্য নির্দিষ্ট আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে। প্রয়োজন হলে সেই সব পথই অবলম্বন করা হবে।
র্যাব ডিজি দৃঢ়ভাবে বলেন, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কাউকেই ছাড় দেওয়া হবে না এবং ছায়া তদন্ত চলমান থাকবে।