মোঃ সোবেল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বোধল বাজারে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুটি বেকারিকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বোধল বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় বাজারে অবস্থিত ‘জমজম বেকারি এন্ড সুইটস’ এবং ‘আল আমিন বেকারি’র কারখানায় প্রবেশ করে আটা,
ময়দা ও অন্যান্য খাদ্যপণ্যের সঙ্গে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও অনুমোদনহীন ক্ষতিকারক উপাদানের সংমিশ্রণ পাওয়া যায়। এছাড়া কারখানা দুটিতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে চরম নোংরা পরিবেশে বিস্কুট ও পাউরুটিসহ বিভিন্ন সামগ্রী তৈরি করা হচ্ছিল।
সরকারি নিয়ম ও স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জমজম বেকারি এন্ড সুইটসকে এক লাখ টাকা এবং আল আমিন বেকারিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী গণমাধ্যমকে জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটিকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে,
যেন ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না ঘটে। পুনরায় একই অপরাধ করলে জনস্বার্থে আইনের সর্বোচ্চ প্রয়োগসহ কারখানা সিলগালা করা হবে। ভোক্তাদের অধিকার রক্ষায় জেলায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।