জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ-কে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ইসরাত রায়হান অমি। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হাতিয়া থানায় আগে থেকেই তিনটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলা-র চরইশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড় এলাকায় অভিযান চালিয়ে ইসরাত রায়হান অমিকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়।
এর আগে শুক্রবার রাতে ইসরাত রায়হান অমি জনৈক এনসিপি কর্মীর কাছে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে চরম উসকানিমূলক বার্তা পাঠান বলে অভিযোগ উঠে। ওই বার্তায় তিনি লেখেন, আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসউদ ও তানভীরসহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তর অঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়া হবে। বার্তায় আরও ভয়ংকর ভাষা ব্যবহার করে হুমকি দেওয়া হয়, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা সরাসরি উসকানিমূলক বক্তব্য দিয়ে যারা পরিবেশ অশান্ত করার চেষ্টা করবে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার মনিটরিং ও মাঠপর্যায়ের নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের হুমকি বা সহিংস বক্তব্যের বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছে পুলিশ।