ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত, তারা যেখানেই থাকুক না কেন— কাউকেই ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আজকের এই বিজয়ের দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত ব্যথিত হৃদয়ে।
গভীর বেদনার সঙ্গে জানাতে হচ্ছে— জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর যে হামলা চালানো হয়েছে, তা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়। এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর সরাসরি আঘাত।”
প্রধান উপদেষ্টা জানান, গুরুতর আহত অবস্থায় শরীফ ওসমান হাদি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।
উন্নত চিকিৎসার জন্য তাকে ইতোমধ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “আপনারা সবাই মহান আল্লাহতালার কাছে অন্তরের অন্তস্তল থেকে তার জন্য দোয়া করবেন।”
ভাষণে তিনি আরও বলেন, সরকার এই হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ঘটনার পেছনে যে ষড়যন্ত্র রয়েছে, তার সঙ্গে সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার সর্বোচ্চ কঠোরতা দেখাবে।
প্রধান উপদেষ্টা দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, “আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই— এই ষড়যন্ত্রে যারা জড়িত, তারা কেউই আইনের বাইরে থাকবে না। ন্যায়বিচার নিশ্চিত করাই এই সরকারের অঙ্গীকার।”
বিজয় দিবসের দিনে দেওয়া এই বক্তব্যে ওসমান হাদির ওপর হামলাকে রাষ্ট্র ও গণতন্ত্রের বিরুদ্ধে আঘাত হিসেবে উল্লেখ করে সরকার যে কঠোর অবস্থানে রয়েছে, তা স্পষ্ট করে তুলে ধরেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।