মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম রবিন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানার একটি টিম এসআই আব্দুর রহিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রবিনের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
গ্রেফতারকৃত রবিন নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।