ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা দুর্বৃত্তদের গ্রেপ্তারে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এই সময়ের মধ্যে জড়িতরা গ্রেপ্তার না হলে ২৪ ঘণ্টার মধ্যে যমুনা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে হাদির ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ এবং নিরাপদ বাংলাদেশ গড়ার দাবিতে বিক্ষোভ মিছিলে করে এই আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
এর আগে, এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, দিনের আলোয় একজন রাজনৈতিক কর্মী ও প্রার্থীকে গুলি করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই হামলা দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও নাগরিকদের জীবন-নিরাপত্তার প্রতি চরম হুমকির ইঙ্গিত বহন করে।
তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে দৃপ্ত অবস্থান নেওয়া এখন সময়ের দাবি। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা কোনো একক সংগঠনের দায় নয়, এটি দেশের প্রত্যেক নাগরিকের অধিকার ও দায়িত্ব। তাই সবাইকে এগিয়ে এসে সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেছে।