বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি জটিল হওয়ায় তাকে বিদেশে নেওয়ার বিষয়ে সক্রিয় হয়েছে কাতার সরকার। বিএনপির আবেদনের প্রেক্ষিতে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে—তারা জরুরি ভিত্তিতে ঢাকা পাঠাতে প্রস্তুত একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)ই এই এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
এর আগে, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন যুক্তরাজ্যের বিখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রিচার্ড বিল হাসপাতালে থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করছেন এবং খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করছেন।
তিনি আরও জানান, খালেদা জিয়ার নতুন শারীরিক অবস্থার বিস্তারিত জানাতে দুপুর সাড়ে ১২টায় এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গত বুধবার যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় পৌঁছেছে। রিচার্ড বিউলের নেতৃত্বে আসা এই বিশেষজ্ঞরা এভারকেয়ার হাসপাতালে স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশ নিচ্ছেন। তারা খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা চালাচ্ছেন।
এদিকে, খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবর জানতে বুধবার সন্ধ্যায় হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি প্রায় আধা ঘণ্টা অবস্থান করে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানান।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার সিরোসিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ টিমের তত্ত্বাবধানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।