মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ঐতিহাসিক রায় ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, “এই রায়কে কেন্দ্র করে জনমনে কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না।”
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে প্রতিবেশী দেশ থেকে উসকানি দেওয়ার চেষ্টা চলছে। তার ভাষায়, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে অশান্তির বার্তা ছড়ানো হচ্ছে।”
শেখ হাসিনা ভারতে অবস্থান করায় তাকে ফিরিয়ে আনতে প্রয়োজন হলে আবারও চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। বড় কোনো ঘটনা হয়নি। এখানে-সেখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”
তিনি আরও সতর্ক করে বলেন, “দুর্বৃত্তরা যদি হামলা বা সহিংসতা ছড়াতে চায়, আইন অনুযায়ী আত্মরক্ষার স্বার্থে গুলি করার বিধান রয়েছে—সেটি প্রয়োজনে প্রয়োগ করা হবে।”