রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ডোপ টেস্ট চালুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও ব্যয়জনিত কারণে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শনিবার (১ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানিয়েছেন, নির্বাচনের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে তারা ডোপ টেস্ট অন্তর্ভুক্তির চিন্তা করলেও এর উচ্চ ব্যয় নিয়ে এখনো আলোচনা চলছে।
তিনি বলেন, “আমরা চাই নির্বাচনে অংশ নেওয়া সব শিক্ষার্থীর মধ্যে ন্যায্য প্রতিযোগিতা হোক। এজন্য ডোপ টেস্ট চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি, তবে এটি বাস্তবায়ন করতে গেলে খরচ অনেক বেশি হবে। বিষয়টি নিয়ে এখনও আমরা পর্যালোচনা করছি।”
এদিকে নির্বাচন কমিশনের সূত্র জানা গেছে, রবিবার বিশ্ববিদ্যালয়ের সব সক্রিয় ছাত্র সংগঠনের সঙ্গে আচরণবিধি ও শৃঙ্খলাবিধি নিয়ে আলোচনা হবে। ওই বৈঠকে ডোপ টেস্টসহ অন্যান্য বিষয়েও মতামত নেওয়া হবে।
এছাড়াও জানা যায়, বৈঠকের পর চূড়ান্ত আচরণবিধি প্রকাশের পর সোমবারই জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
অধ্যাপক মোস্তফা হাসান আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন আয়োজন করা। সব পক্ষের মতামত নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাব।”