ভোটারদের পছন্দের তালিকায় দেশের ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে রংপুর বিভাগে এগিয়ে জামায়াতে ইসলামী এবং বরিশাল বিভাগে এগিয়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (দ্বিতীয় পর্ব–তৃতীয় খণ্ড)’-এর সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আয়োজিত ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই জরিপের ফল প্রকাশ করে ইনোভিশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর, ড. আসিফ শাহান, জামায়াতের ড. নকিবুর রহমান, এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ, পলিসি এনালিস্ট ড. অনন্য রায়হান, বাংলা আউটলুকের মোকতাদির রশিদ এবং ব্রেইনের ড. শফিকুর রহমান।
জরিপে দেখা যায়—ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে। ময়মনসিংহে বিএনপি পেয়েছে ৪৫.৭ শতাংশ ভোটারের সমর্থন, জামায়াত ২৫.৮ ও আওয়ামী লীগ ১৭.৩ শতাংশ। সিলেটে বিএনপি ৪৪.৭, রাজশাহীতে ৪৪.৪ এবং খুলনায় ৪৩.৩ শতাংশ সমর্থন পেয়েছে। ঢাকায় বিএনপির সমর্থন ৪০.৮ শতাংশ, চট্টগ্রামে ৪১.৯ শতাংশ।
অন্যদিকে রংপুরে জামায়াত ইসলামী ৪৩.৪ শতাংশ ভোটার সমর্থন নিয়ে শীর্ষে, আর বরিশালে আওয়ামী লীগ এগিয়ে ৩১.৯ শতাংশ নিয়ে। সার্বিকভাবে জাতীয় পর্যায়ে বিএনপি প্রথম, জামায়াত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় ও এনসিপি চতুর্থ অবস্থানে রয়েছে।
ইনোভিশনের তথ্যমতে, এই জরিপে দেশের ৬৪ জেলার ১০ হাজার ৪১৩ জন নাগরিক অংশ নেন। তাদের মধ্যে ৬৯.৫ শতাংশ গ্রামীণ ও ৩০.৫ শতাংশ শহুরে। অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ৫৪.২ শতাংশ, নারী ৪৫.৪ শতাংশ এবং তৃতীয় লিঙ্গ ০.৪ শতাংশ।
বয়সভিত্তিকভাবে জেন জি (১৮–২৮ বছর) ৩৭.৬ শতাংশ, মিলেনিয়াল (২৯–৪৪ বছর) ৩৩.৪ শতাংশ, জেন এক্স (৪৫–৬০ বছর) ১৯.৮ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ভোটার ১.৩ শতাংশ। জরিপটি ২ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে পরিচালিত হয়।