সরকারি তথ্য জনগণের সম্পত্তি, কোনো কর্মকর্তার নয়—এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, জনগণের জানার অধিকার অস্বীকার করার সুযোগ নেই।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, দেশে বর্তমানে প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠান তথ্য অধিকার আইনের বাইরে রয়েছে, যা গণতন্ত্রের চর্চার জন্য মোটেও গ্রহণযোগ্য নয়।
সেমিনারে অংশ নিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ভোটারদের মৌলিক অধিকার হলো প্রার্থীদের তথ্য জানার সুযোগ পাওয়া। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, সরকারি কর্মকর্তাদের তথ্য গোপনের প্রবণতা অব্যাহত থাকলে এই আইনের সুফল কখনো মিলবে না। বক্তারা জোর দিয়ে বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা জনগণের আস্থাকে ক্ষুণ্ন করছে এবং সুশাসনের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।