জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন,
“ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে কিংবা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি। একদিন সত্য প্রকাশ পাবে।”
সোমবার দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদকে কেন্দ্র করে সম্প্রতি বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণা ও অসততার অভিযোগ তুলেছে। রাজনৈতিক দলগুলোর দাবি, কমিশন তাদের সঙ্গে আলোচনা করে যেসব সিদ্ধান্তে পৌঁছেছিল, চূড়ান্ত সনদে তার প্রতিফলন দেখা যায়নি। এ প্রসঙ্গেই ড. বদিউল আলম মজুমদার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন,
“ঐকমত্য কমিশন স্বচ্ছভাবে কাজ করেছে। জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো প্রতারণা করা হয়নি। কমিশনের কাজ নিয়ে এখন যারা প্রশ্ন তুলছেন, সময়ই প্রমাণ করবে আমরা যা করেছি তা দেশের স্বার্থে করেছি।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“অন্তর্বর্তী সরকারের ঘোষণার ভিত্তিতে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি সময়ের দাবি এবং এর কোনো বিকল্প নেই।”