মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে রোমান শেখ (২৮) নামের এক যুবককে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন টানা তিনদিন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আরধীপাড়া কানাইনগর এলাকার বাসিন্দা মিজানুরের একটি কোষা নৌকা দেড় মাস আগে চুরি হয়। সেই ঘটনার জেরে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মিজানুর (৩০), আতিক (১৮), ইমরান (২৩), দিল (৭০), ইয়ানুছ (৬০), বিল্লাল (৬০)-সহ আরও কয়েকজন মিলে রোমানকে আটক করেন।
পরে তাকে কানাইনগর বালুর মাঠের সামনে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে মারধর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৯ সেকেন্ডের নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, নির্যাতনের একপর্যায়ে রোমান জানান নৌকাটি সিরাজদিখান উপজেলার শেখর নগরে থাকতে পারে। এরপর অভিযুক্তরা তাকে একটি ট্রলারে তুলে নিয়ে শেখর নগরের দিকে রওনা দেয়। সেই থেকে রোমান নিখোঁজ।
পরদিন সকালে তার পরিবার খোঁজ করতে গেলে অভিযুক্তরা জানায়, রোমান ট্রলার থেকে পানিতে লাফ দিয়েছেন এবং তাকে আর পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় ভুক্তভোগীর শ্বাশুরি বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মিজানুর এবং আতিকের বাবা ইব্রাহিমকে আটক করেছে। তদন্তের স্বার্থে অন্যান্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।