গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘লাল টি-শার্ট পরা ব্যক্তি’ নুরকে পেটায়নি বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
শনিবার (৩০ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “লাল শার্ট পরা ব্যক্তি যাকে পিটাচ্ছে, সে নুরুল হক নুর নয়, সে ছাত্রনেতা সম্রাট।”
প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর ও রাশেদ খানসহ অন্তত ৫০ জন নেতাকর্মী গুরুতর আহত হন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লাল টি-শার্ট পরা এক ব্যক্তি বেধড়ক পেটাচ্ছে একজনকে। অনেকেই দাবি করেন, হামলার শিকার হচ্ছেন নুরুল হক নুর। তবে রাশেদ খান ভিডিওর ব্যাখ্যা দিয়ে বলেন, “নুরের ওপর হামলা করেছে সেনাবাহিনী, লাল টি-শার্ট পরা ব্যক্তির আঘাতপ্রাপ্ত ব্যক্তি নুর নয়।”
এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশও ওই লাল টি-শার্ট পরা ব্যক্তির খোঁজে নেমেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলাকারীকে শনাক্ত করতে কয়েকটি টিম কাজ করছে। খুব দ্রুত তার পরিচয় প্রকাশ করা হবে।
উল্লেখ্য, নুরুল হক নুরকে গুরুতর আহত অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।