সাইফুল ইসলাম, কলাপাড়া প্রতিনিধি:
রবিবার (২৪ আগস্ট ২০২৫) কলাপাড়া উপজেলার উমেদপুর গ্রাম থেকে জালে প্যাচানো অবস্থায় একটি ব্যান্ডেড ক্রেইট শঙ্খিনী (মারাত্মক বিষধর সাপ) উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন Animal Lovers Of Patuakhali (ALP)।
সংগঠনের সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী মোঃ আল মুনজির হাওলাদার ও মাসুদ হাসান বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক জনাব অসিম মল্লিকের দিকনির্দেশনায় সাপটি উদ্ধার করেন।
উদ্ধার কার্যক্রম চলাকালে স্থানীয় জনসাধারণের মাঝে বন্যপ্রাণী সংরক্ষণ ও সাপ দংশন বিষয়ে সচেতনতা মূলক প্রচারণাও চালানো হয়।
উদ্ধারকৃত সাপটি পরবর্তীতে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে (লোকালয় থেকে দূরে) নিরাপদে অবমুক্ত করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
এদিকে, হাইকোর্ট ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টি-ভেনম মজুদ রাখার নির্দেশনা রয়েছে। তাই ভুলক্রমে কেউ সাপে দংশনের শিকার হলে আশেপাশের ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনের সদস্যরা।
সাপে কামড়ে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়-এ স্লোগানকে সামনে রেখে ALP নিয়মিতভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এই কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।