গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় সংসদের উচ্চকক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, তাহলে প্রায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে এবং একটি কার্যকর সংসদ গড়ে উঠবে।
তিনি দাবি করেন, নিম্নকক্ষে না হলেও অন্তত উচ্চকক্ষে আগামী নির্বাচন থেকেই পিআর (Proportional Representation) পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজশাহীতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুর হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বায়তুল মোকাররম মসজিদের খতিব—সবাই একযোগে পালিয়ে গেছেন। এই উদাহরণ থাকার পরও যদি কেউ শিক্ষা না নেয়, তাহলে ভবিষ্যতে তাদের জন্যও নির্মম পরিণতি অপেক্ষা করছে।
তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, “এই দেশের মানুষ পরিবর্তনের পক্ষে। বর্তমানে ৪৮ শতাংশ মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি তারা কাকে ভোট দেবে। ১০টা হুন্ডা, ২০টা গুন্ডার ভয় দেখিয়ে, প্রশাসন দিয়ে ভোটকেন্দ্র দখল করে কেউ এমপি হবেন, মন্ত্রী হবেন, সরকার গঠন করবেন—সেই ইতিহাস ভুলে যান।”
তিনি আরও বলেন, আগের দিনের মতো ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর থাকবে না। জনগণ এখন অধিকারের পক্ষে এবং পরিবর্তনের পক্ষে। সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকে একই প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে।
গণসমাবেশে নুর জাতীয় রাজনীতিতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বলেন, “একটি শক্তিশালী সংসদ গড়ে তুলতে হলে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করলে রাজনৈতিক বহুমত প্রতিষ্ঠিত হবে, যা দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করবে।”