ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রশিবিরের এক প্রদর্শনীতে জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি টানানোকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর থেকে টিএসসি এলাকায় ছাত্রশিবির ও বাম ছাত্রসংগঠনগুলোর মধ্যে মুখোমুখি অবস্থান দেখা যায়।
প্রদর্শনীতে ‘শহীদ বীর’ হিসেবে এসব রাজনৈতিক নেতার ছবি টানানো হয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই বাম ছাত্র সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানায় এবং দ্রুত ছবি সরানোর দাবি তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-কে বলেন, “বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আমাদের কাছে অভিযোগ জানায়। আমরা শিবিরের নেতাকর্মীদের ডেকে এনে বিষয়টি ব্যাখ্যা করি এবং তারা নিজেরাই ছবিগুলো সরিয়ে নেয়। তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।”
তবে ছবি সরিয়ে নেওয়ার পরও থামেনি উত্তেজনা। টিএসসির ভেতরে ছাত্রশিবির নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়, অন্যদিকে বাইরে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা অবস্থান নিয়ে ‘যুদ্ধাপরাধী glorify করা চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রক্টরিয়াল টিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক বিতর্ক উসকে দিতে পারে এমন উপস্থাপন বা ছবি ভবিষ্যতে যাতে ক্যাম্পাসে না থাকে, সে বিষয়ে সজাগ থাকবে কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ ও টানাপোড়েন এই ঘটনাকে কেন্দ্র করে আরও বেড়েছে বলে মনে করছেন অনেকে।