আশরাফুল ইসলাম, শেকৃবি প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহার আনন্দ ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা। ঈদের দিন হলে থাকা শিক্ষার্থীদের জন্য ‘দাওয়াত-এ ঈদ’ শিরোনামে প্রীতিভোজের আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৮ মে (ঈদের দিন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজ-উদ-দৌলা হলের ডাইনিংয়ে এই আয়োজন অনুষ্ঠিত হবে। হলে অবস্থানরত সকল শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীদের জন্য পূর্ব নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে ছাত্রশিবিরের শেকৃবি শাখার সভাপতি মেহেদী হাসান নাঈম বলেন, “একাডেমিক ব্যস্ততা, পরীক্ষা কিংবা দূরত্বের কারণে অনেক শিক্ষার্থী ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেন না। পরিবারের বাইরে ক্যাম্পাসে কাটানো এসব দিনকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতেই আমাদের এই উদ্যোগ।
আমরা চাই, ঈদের দিনে হলে অবস্থানরত শিক্ষার্থীরা যেন একাকীত্ব অনুভব না করে এবং পারিবারিক আবহে উৎসবের আনন্দ উপভোগ করতে পারে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।