আবাসন সংকটসহ চার দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজপথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) বিকেল থেকে রাজধানীর কাকরাইল মোড়ে তারা গণঅনশন শুরু করেন।
দীর্ঘ সময় ধরে চলা এ আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে জবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে।
অনশনে অংশ নিয়ে তিনি বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তার একটি স্লোগান—“মুলা না বোতল”—সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই স্লোগান ঘিরে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।
কেউ কেউ ভিডিও ক্লিপে মন্তব্য করেছেন “বোতল, বোতল”, আবার কেউ সমালোচনা করে বলেন, “বেশি বাড়াবাড়ি করা ভালো না”। তবুও দীপ্তির সরব উপস্থিতি আন্দোলনের নতুন মাত্রা যুক্ত করেছে।
শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইস উদ্দীন ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত জবির সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।
জবি শিক্ষার্থীদের চার দফা দাবি হলো:
১. ২০২৫-২৬ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর করতে হবে।
২. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট ছাড়াই অনুমোদন করতে হবে।
৩. দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প একনেক সভায় অনুমোদন দিয়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৪. শিক্ষক নিপীড়নে জড়িত পুলিশ সদস্যদের বিচার নিশ্চিত করতে হবে।
এই দাবিগুলোর পেছনে রয়েছে শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনা ও অব্যবস্থাপনার প্রতিবাদ। পরিস্থিতি এখন কতটা কার্যকর সমাধানে পৌঁছায়, তা সময়ই বলে দেবে।