সোনারগাঁয়ে এক হাজার পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি মেহেদী হাসান (৩৫) ও সালাউদ্দিন (৩৩) কে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারীর নির্দেশনায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজিমিজি এলাকার আব্দুল হাইয়ের ছেলে এবং সালাউদ্দিন একই এলাকার আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ জানায়, মেঘনা টোল প্লাজার সামনে একটি মোটরসাইকেলে সন্দেহজনক গতিবিধি দেখে তাদের থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”