ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, বড়দিন উপলক্ষে ঢাকায় ডিএমপির নিষেধাজ্ঞা রয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ‘বড়দিন’ উদযাপিত হবে বুধবার (২৫ ডিসেম্বর)। বড়দিনে ঢাকায় পটকা ফুটানো, ফানুস উড়ানো ও আতশবাজিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বড়দিনের অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।
যিশু খ্রিস্টের বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে। ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ‘বড়দিন’ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে।