অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজ কিংবা রাষ্ট্রীয় জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার এবং অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি সেবার মোটরযান ছাড়া অন্য কোনো যানবাহনে পরপর বিভিন্ন সুর সৃষ্টি করে এমন বহুমুখী হর্ন বা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট কিংবা ভীতিকর শব্দ উৎপন্নকারী হর্ন স্থাপন, পুনঃস্থাপন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিআরটিএ জানায়, এ ধরনের অননুমোদিত হর্ন শব্দদূষণ ও জনভোগান্তি বাড়ানোর পাশাপাশি চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করে।
সংস্থাটি আরও জানায়, সম্প্রতি বিভিন্ন মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য নিষিদ্ধ হর্ন ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা গেছে, যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। তাই জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে এসব হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন কিংবা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিআরটিএ সতর্ক করে বলেছে, নির্দেশনা অমান্য করে অননুমোদিত হর্ন ব্যবহার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।