ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার মধ্যে এবার স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের বিকল্প পথ খোঁজার খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরসহ কয়েকটি সীমান্তবর্তী প্রবেশপথ ঘুরে দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। বৈধ পাসপোর্ট না থাকায় আকাশপথের পরিবর্তে সড়কপথে দেশে ফেরার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁর জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়। এ অবস্থায় নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে বাংলাদেশ হাইকমিশনে আবেদন জানানোর খবরও প্রতিবেদনে উঠে এসেছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্কেও নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তাঁর দেশে ফেরার পরিকল্পনা দুই দেশের চলমান সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ভারতীয় সংবাদমাধ্যমটি। তবে স্থলসীমান্ত দিয়ে তাঁর দেশে ফেরার বিষয়ে এখনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।