খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেছেন, দিনের বেলাতেও মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে ভয় পাচ্ছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না পেলে বাড়িতে গিয়ে হুমকি, তুলে নেওয়া, গুম ও খুনের মতো ঘটনা ঘটছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনার ডাকবাংলা চত্বরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়। পরে ডাকবাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
আখতার হোসেন বলেন, খুলনার মানুষ এসব ঘটনার প্রতিকার চায়। দেশে আর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড কিংবা পুলিশ ও প্রশাসনের ওপর হামলার ঘটনা দেখতে চায় না জনগণ। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ক্ষমতায় থাকার অধিকার নেই।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে ভারত এক ধরনের নাটক করছে। আশ্রয়দাতা ভারতকে শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বলেন। তার ভাষ্য, বাংলাদেশে শেখ হাসিনার ভবিষ্যৎ একটাই—ফাঁসির দড়িতে ঝুলে নরকে যাওয়া।
জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী লীগের অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, জাতীয় ঐক্যের কথা বলতে হলে আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। জুলাই সনদ ও জনগণের রায় বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের বিচার ছাড়া দেশে সন্ত্রাস বন্ধ করা সম্ভব নয়। বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো আশ্রয় হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে আখতার হোসেন বলেন, রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন, খুন, গুম ও দখলদারি চালানো হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসবের শিকার হয়েছেন।
এসব অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণশুনানি শুধু জেলা পর্যায়ে সীমাবদ্ধ না রেখে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও আয়োজনের দাবি জানান তিনি। এতে নির্যাতিত মানুষ নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবেন বলে মনে করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ বর্তমানে নাশকতা ও সহিংসতার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদে হামলা চালাচ্ছে। আয়নাঘরে মানুষকে বন্দি রাখা, ভোটাধিকার হরণ এবং জুলাই গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা ও হাজার হাজার মানুষকে পঙ্গু করার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে আখতার হোসেন বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, কোনোভাবেই প্রভু-ভৃত্যের সম্পর্ক নয়। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে নাশকতা চালানোর সুযোগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, দেশের এক ইঞ্চি জমিও অন্য কাউকে দখল করতে দেওয়া হবে না।