দেশে চলমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সরকার সংযম বজায় রেখে রাজনৈতিকভাবে পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের মতো প্রাণঘাতী দমন-পীড়ন কিংবা সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের ওপর সহিংসতা চালিয়ে মানবাধিকার লঙ্ঘনের পথে যেতে চায় না বর্তমান সরকার।
রোববার (২২ নভেম্বর) ঢাকা-৬ আসনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন অভিযোগ করেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতে বাংলাদেশ থেকে বিপুল অর্থ-সম্পদ লুটপাট করেছেন। বর্তমানে সেই অর্থ ব্যবহার করে দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালানো হচ্ছে।
তার দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে চাপে ফেলা এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে ইশরাক বলেন, বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে দলটির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব কারণে প্রচলিত আইন ও আন্তর্জাতিক আইনের আওতায় দলটির রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ভবিষ্যতে আদালতের সিদ্ধান্তের ওপর দলটির রাজনৈতিক অবস্থান নির্ভর করতে পারে। এমন পরিস্থিতিতে অবৈধভাবে অর্জিত অর্থ ব্যবহার করে দেশে সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে এখনো আওয়ামী লীগের সহযোগীরা সক্রিয় রয়েছেন দাবি করে ইশরাক বলেন, বর্তমান সরকার স্থিতিশীল হলে অতীতের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা বিচারের মুখোমুখি হতে পারেন। সেই আশঙ্কা থেকেই একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টিতে ইন্ধন দিচ্ছে।
প্রতিবেশী দেশের ভূমিকা নিয়েও সমালোচনা করেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। এ কারণে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বজায় থাকলে তারা সুবিধা পাবে বলে মনে করেন তিনি।
চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে ইশরাক বলেন, অনেকেই জানতে চাইছেন কেন পুলিশ কঠোর ব্যবস্থা নিচ্ছে না। তবে সরকার অতীতের মতো বলপ্রয়োগ ও প্রাণঘাতী দমন-পীড়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় না।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের ওপর যে ধরনের সহিংসতা চালানো হয়েছিল, বর্তমান সরকার তার পুনরাবৃত্তি ঘটাতে চায় না। মানবাধিকার সমুন্নত রেখে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।
ইশরাক আরও বলেন, সরকার ধৈর্য ও সহনশীলতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। একই সঙ্গে সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অবস্থান কর্মসূচি শেষে ইশরাক হোসেনের নেতৃত্বে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।