রাফি হোসেন, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার চার্জ গঠনের শুনানি আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। মামলার চার আসামির মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক ও দুজন প্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের বিচার হবে পৃথক দুটি আদালতে।
শনিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু।
তিনি বলেন, ‘মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আসামিরা কারাগারে আছে। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের শুনানি হবে। অপ্রাপ্তবয়স্ক দুজনের বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুজনের বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।’
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন, ‘আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।’
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার চার্জ গঠনের শুনানি হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে হবে।’
যেভাবে নিখোঁজ হয়েছিল অপ্রতিম
পরিবারের তথ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
তদন্তে উঠে আসে হত্যার কারণ
পুলিশের তদন্ত অনুযায়ী, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই অপ্রতিমকে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। ফোন ছিনিয়ে নিতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। এ ছাড়া তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র
গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।।