জুলাই বিপ্লবে পুলিশ হত্যার অভিযোগে মায়াকান্না করা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই এখন থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
এসব ঘটনার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কি না, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে প্রশ্ন তুলেছেন তিনি।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম লেখেন, “জুলাই বিপ্লবে কাল্পনিক পুলিশ হত্যার অভিযোগে মায়াকান্না করা নিষিদ্ধ লীগের সন্ত্রাসীরা আজ নিজেরাই থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করছে। ১৭ বছর ধরে গুম-খুন ও রাষ্ট্রীয় নিপীড়ন চালিয়ে আজ আবারও তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।”
তিনি বলেন, “দেশের শত্রু এই হিংস্র হায়েনাদের বিরুদ্ধে বাংলাদেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ। অথচ সরকারের নীরব প্রশ্রয়েই গোপালগঞ্জের পরিস্থিতি আজকের পর্যায়ে এসেছে।”
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে সাদিক কায়েম আরও বলেন, “থানা পুড়িয়ে লুটপাটের পরও কি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলবেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ?”
প্রসঙ্গত, গতকাল গোপালগঞ্জে থানা ঘিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ উঠেছে।