মজনুর রহমান আকাশ, মেহেরপুর: ১৮-১০-২৬ ইং
মেহেরপুরের গাংনীর মাঠজুড়ে ফুলকপি ক্ষেত। ফলনও হয়েছে ভালো। মৌসুমের শুরুতে দামও ছিল আশানুরূপ। কিন্তু বীজ, সার, শ্রমিকের মজুরি ব্যয় বেড়ে যাওয়ায় সেই স্বস্তি এখন দুশ্চিন্তায় রূপ নিয়েছে। ভালো ফলন পেয়েও কাঙ্ক্ষিত লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় রয়েছেন গাংনীর কৃষকেরা। কৃষকের শ্রম, পরিচর্যা ও বিনিয়োগে গড়ে ওঠা ফুলকপির ক্ষেত ঘিরে তাদের স্বপ্ন ছিল উৎপাদন খরচ তুলে কিছুটা লাভের মুখ দেখা।
কৃষি অফিসের হিসেব মতে, মেহেরপুর জেলায় চলতি মৌসূমে প্রায় ১ হাজার হেক্টর জমিতে আবাদ করা হয়েছে গ্রীষ্মকালীন আগাম কপি। গাংনী উপজেলার সাহারবাটি, গাড়াডোব গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের মাঠে শীতকালের মতই গ্রীষ্মকালীন কপি আবাদ হয়ে থাকে।
শীতের আগে বাজারে কপি বিক্রি হওয়ায় বেশ লাভবান হয়ে আসছেন এসব এলাকার কৃষকরা। শীতকালীন শাক সবজিতে লোকসানের আশংকা থাকে। ফলে প্রতি বছরই গ্রীষ্মকালীন কপি আবাদের দিকে ঝুঁকে পড়ছেন অনেক কৃষক। মাঠের জমি থেকে বিক্রি হয়ে যায়। বাজারে নিয়ে বিক্রির ঝামেলায় পড়তে হয় না কৃষকদের। এতদিন এক বিঘা জমিতে ৩০-৪০ হাজার টাকা খরচ করে কৃষকরা বিক্রি করেছেন লাখের উপরে।
কৃষকরা জানান, এক পিস ফুল কপি উৎপাদন খরচ ১৫ টাকা। সেই কপি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫ টাকা। শীতের আগের এই কপি বিক্রি করে সারা বছনর চলেন কৃষকরা। সেই কপির অস্বাভাবিক দর পতনে দিশেহারা কপি চাষীরা।
কৃষি উপকরনের দর বৃদ্ধি অব্যহত। এর মধ্যেই আলু এবং পেঁয়াজের পর কপির বাজারে ধ্বস নেমেছে। তাইতো টিকে থাকার হিসেব নিকেশ মেলাতে পারছে না কৃষকরা । এ বছর সার, কীটনাশক, সেচ ও শ্রমিক খচর বেড়েছে অনেক। অথচ এক বিঘা জমির কপি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা । কপি আবাদের বিনিয়োগ তুলতে পারছে না কপি চাষীরা।
সাহারবাটির কৃষক তক্কেল আলী জানান, ফুলকপি উৎপাদনের প্রতিটি ধাপেই বাড়তি খরচের চাপ রয়েছে। বীজ, রাসায়নিক সার, জমির পরিচর্যা, শ্রমিকের মজুরি ও প্যাকেজিং—সব মিলিয়ে উৎপাদন ব্যয় বাড়ছে।
অথচ বাজারে দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় দিন কাটছে কৃষকদের। গেল বছর কৃষকরা ভালো দামে কপি বিক্রি করেছিল। বাইরের জেলাতে কপি পাঠাতে খরচও ছিল কম। কিন্তু তেলের দাম বৃদ্ধির সাথে সাথে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আরো বিপাকে পড়েছেন কৃষকরা।
গাড়াডোব গ্রামের কৃষক জাব্বারুল ইসলাম জানান, এ বছর বাড়তি দাম দিয়ে বীজ ও চারা কিনতে হয়েছে। এরপর বেড়েছে জ্বালানি তেলের দাম। সারের জন্য ডিলারের দোকানে দোকানে ঘুরেও চাহিদামতো সার পাওয়া যায়নি।
ডিজেলের দাম বৃদ্ধি এবং কাগজ ও বস্তার দাম বেড়ে যাওয়ায় কৃষকেরা লাভের মুখ দেখতে পারছেন না। কৃষকদের দাবি, বীজের দাম কমানো, সরকারি নির্ধারিত মূল্যে রাসায়নিক সার সরবরাহ নিশ্চিত করা এবং পরিবহন ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। তা না হলে সবজি উৎপাদনে আগ্রহ হারাতে পারেন অনেক কৃষক।
ভালো ফলন ও বাজারে চাহিদা থাকা সত্ত্বেও উৎপাদন এবং পরিবহন ব্যয়ের চাপে ফুলকপি চাষিদের লাভ অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষকদের প্রত্যাশা, সরকারি উদ্যোগে উৎপাদন ও বাজারজাতকরণের ব্যয় কমানো এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে ফুলকপি চাষে ফিরবে স্বস্তি।কৃষকের নায্যমূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং কাজে নিয়োজিত দপ্তরগুলোর আরও বেশি সক্রিয় ভুমিকা পালনের আহবান জানালেন গাংনী উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।