জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর লন্ডনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রাজনৈতিক মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ৫ আগস্ট যেভাবে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছে, একইভাবে সব রাজনৈতিক দলকে একসঙ্গে থেকে নিষিদ্ধ ও ষড়যন্ত্রকারী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, পটকা বিস্ফোরণ কিংবা গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না। জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেও লাভ হবে না।
বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণ সরকারকে পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছে। মেয়াদ শেষে নির্বাচনের মাধ্যমে জনগণই পরবর্তী সরকার নির্বাচন করবে।
সমাবেশে নিকাহ্ রেজিস্ট্রারদের বিভিন্ন পেশাগত সমস্যা ও দাবির বিষয়েও কথা বলেন তিনি। তাদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন দুলু। প্রয়োজনে নিকাহ্ রেজিস্ট্রারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের ব্যবস্থা করার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।