সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানে ফাঁদ পেতে একটি মা বিড়ালকে হত্যার অভিযোগ উঠেছে বেকারি দোকানি সারোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগের পর ওই দোকানিকে ছয় মাস বাজারের সব কুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন দোকানি।
শনিবার ( ১৪ নভেম্বর) রাতে উপজেলার বলগাড়ি বাজারে এ ঘটনা ঘটে। পরদিন বিড়ালটির নিথর দেহ দোকানের সামনে পড়ে থাকতে দেখা যায়। মা বিড়ালের মৃত্যুর পর অসহায় হয়ে পড়ে তার দুটি ছোট ছানা।
স্থানীয় প্রাণিপ্রেমী যুবক মেহেদী হাসান ইমুর অভিযোগ, দোকানের কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলায় বিড়ালটির ওপর ক্ষুব্ধ ছিলেন দোকানি সারোয়ার হোসেন। এ কারণে গত শুক্রবার রাতে তিনি নিজের দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতের কোনো একসময় খাবারের সন্ধানে দোকানে ঢুকে ফাঁদে আটকা পড়ে বিড়ালটি। পরদিন সকালে তার গলায় দড়ি পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিকার চেয়ে রবিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান মেহেদী হাসান ইমু। তিনি বলেন, বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর তারা অসহায় হয়ে পড়েছে। খাবারের সন্ধানে একটি দোকানে প্রবেশ করার কারণে এভাবে একটি প্রাণীর মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। তাই ঘটনার বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগের মুখে দোকানি সারোয়ার হোসেন নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। তিনি জানান, দীর্ঘদিন ধরে রাতে দোকান বন্ধ করার পর বিড়ালটি ভেতরে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। নিজের আচরণকে অন্যায় উল্লেখ করে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেন তিনি।
ঘটনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, বিষয়টি নজরে আসার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানিকে কার্যালয়ে ডেকে পাঠানো হয়। পরে দোকানি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন।
তিনি আরও বলেন, শাস্তি হিসেবে ওই দোকানিকে ছয় মাস বলগাড়ি বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে।