পটুয়াখালীর গলাচিপায় মালবাহী ট্রলারের ধাক্কায় গজালিয়া ও ডাকুয়া ইউনিয়নের সংযোগ ব্রিজ ভেঙে পড়েছে। এতে দুই ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন আশপাশের অন্তত ১০ গ্রামের হাজারো মানুষ। বর্তমানে খেয়া নৌকায় খাল পার হয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। অন্যদিকে, পুরোনো ব্রিজের পাশে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গজালিয়া বাজারসংলগ্ন গজালিয়া খালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা পৌরসভার গোডাউন থেকে চরকাজল ইউনিয়নের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের ফেয়ার প্রাইস কার্ডের চাল নিয়ে একটি মালবাহী ট্রলার রাবনাবাদ নদীর শাখা গজালিয়া খাল দিয়ে চরকাজলের শিবা এলাকার দিকে যাচ্ছিল। পথে ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় চালকের অসাবধানতাবশত ট্রলারটি ব্রিজের স্টিলের কাঠামোয় সজোরে ধাক্কা দেয়। এতে বিকট শব্দে ব্রিজের মাঝখানের দুটি পাট ভেঙে খালের পানিতে পড়ে যায়। মুহূর্তেই বন্ধ হয়ে যায় মানুষের চলাচল।
সরেজমিনে দেখা যায়, প্রায় ২৪০ ফুট দীর্ঘ পুরোনো স্লিপার আয়রন ব্রিজটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোথাও লোহার কাঠামো ঝুলে রয়েছে, আবার কোথাও পাটাতন ভেঙে পড়েছে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ব্রিজ দিয়ে চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে দুই পাড়ের মানুষকে খেয়া নৌকায় করে খাল পার হতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, প্রায় ২৫ বছর আগে নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর আগেও একাধিকবার ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৫ সালে ইটবোঝাই একটি ট্রলির ধাক্কায় ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলে কাঠের পাটাতন বসিয়ে কোনোমতে চলাচলের উপযোগী করা হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালেও ব্রিজের একাংশ ভেঙে পড়লে স্থানীয় চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস কাঠ দিয়ে মেরামত করে চলাচল সচল রাখেন।
এদিকে, পুরোনো ব্রিজের পাশে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০২১-২২ অর্থবছরে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ৭২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণের কাজ পায় বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাজী এন্টারপ্রাইজ। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেতুটির নির্মাণকাজ শেষ হয়নি। স্থানীয়দের অভিযোগ, দুই পাড়ের বেজমেন্ট নির্মাণের পর থেকেই কাজের গতি থমকে রয়েছে। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মাণাধীন সেতুটির সুফল এখনো পাচ্ছেন না এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, ব্রিজটি দিয়ে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০টি মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল করত। কলাগাছিয়া ইউনিয়নের অধিকাংশ মানুষ এবং গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল, দক্ষিণ চরচন্দ্রাইল, ইছাদি, কাটাখালী ও হরিদেবপুরসহ আশপাশের অন্তত ১০ গ্রামের আড়াই থেকে তিন হাজার মানুষ প্রতিদিন এ পথ ব্যবহার করতেন।
ব্রিজটি ভেঙে পড়ায় গজালিয়া ও আশপাশের এলাকার বাসিন্দাদের ডাকুয়া, কলাগাছিয়া এবং উপজেলা শহরে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিকল্প পথে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে তাঁদের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, রোগী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অনেকেই বাধ্য হয়ে খেয়া নৌকায় খাল পার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ফকু মিয়া বলেন, তাঁর মেয়ে গলাচিপা সরকারি কলেজে পড়াশোনা করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় এখন তাঁকে গজালিয়া বাজার হয়ে ঠাকুর বাজার ঘুরে গলাচিপায় যাতায়াত করতে হবে। কলেজছাত্র রোমান গাজীও একই ধরনের দুর্ভোগের কথা জানান।
সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ মানুষ এ ব্রিজ দিয়ে যাতায়াত করেন। তাঁদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরাও রয়েছেন।
এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, ভেঙে পড়া পুরোনো সেতুটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করা হবে। পাশাপাশি নির্মাণাধীন নতুন সেতুর কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে।