রাবি প্রতিনিধি, এম এ আতিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এ ছাড়া ভর্তি আবেদনের সময়ও বাড়ানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তির প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে। উচ্চমাধ্যমিক সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর সাত দিন পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি (শনিবার) ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি (শনিবার) ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত নেওয়া হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।