জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের রাজনৈতিক পথচলার প্রশংসা করেছেন দলটির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। একই সঙ্গে সামান্তার মতো ব্যক্তিত্বের রাজনীতিতে আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাসনিম জারা।
সামান্তা শারমিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তাসনিম জারা লেখেন, রাজনীতিতে কথা বলার মানুষের অভাব না থাকলেও অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার মানুষ খুবই বিরল। সামান্তা তেমনই একজন ব্যতিক্রমী মানুষ।
তিনি বলেন, নিরলস ব্যস্ততার মধ্যেও কেউ কথা বলতে এলে সামান্তা নিজের কাজ থামিয়ে মনোযোগ দিয়ে তার কথা শোনেন। কখনোই অপর পক্ষকে বুঝতে দেন না যে তাঁর তাড়া রয়েছে। মানুষের জীবনকে গভীরভাবে বোঝা এবং তাদের পাশে দাঁড়ানোর আগ্রহ থেকেই তিনি এমনটা করেন।
তাসনিম জারা আরও বলেন, সামান্তা শারমিনের রাজনৈতিক পথচলা এখনো অনেক বাকি। দেশের রাজনীতিতে তাঁর মতো ব্যক্তিত্বের উপস্থিতি আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন। দলের সঙ্গে মতপার্থক্যের কারণ তুলে ধরে তিনি জানান, প্রায় এক বছর আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের বিরোধিতা করেছিলেন তিনি।
সামান্তার মতে, নীতিগত ও কৌশলগত কোনো বিবেচনাতেই জামায়াতে ইসলামী এনসিপির রাজনৈতিক মিত্র হওয়ার যোগ্য নয়। এ ধরনের জোটের জন্য দলকে ভবিষ্যতে কঠিন মূল্য দিতে হতে পারে বলেও তিনি সতর্ক করেছিলেন।