‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি জানান, ৭ নভেম্বর বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান পায়ে হেঁটে অংশ নেবেন এবং নেতাকর্মীদের নেতৃত্ব দেবেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন শফিকুল ইসলাম খান মিল্টন।
মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের সুনাম ক্ষুণ্ন করছেন, এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।
একই সঙ্গে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগে জড়িতদের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই প্রশাসক।
দলীয় শৃঙ্খলা বজায় রেখে ৭ নভেম্বরের কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।